Friday, 10 April 2026
বুদ্ধিজীবীর মূল্য তার বাকশক্তিতে নয়, তার নৈতিক সাহসে
শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের একক মালিক দেখিয়ে ফ্যাসিবাদ ইস্টাবলিশ করেছিল শেখ হাসিনা। ৭ মার্চের ভাষণ, ৭১ ও মুক্তিযুদ্ধ সবকিছুই মুজিববাদ হয়ে একবার বাকশাল, অন্য বার ফ্যাসিবাদ কায়েমের প্রধানতম টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। শিল্প সংস্কৃতির মহীরুহদেরও রেহাই দেওয়া হয়নি। কবিতা, সংগীত, সাহিত্য, সিনেমা যেগুলো মানুষের মুক্ত আত্মার ভাষা, সব কিছু ক্ষমতার কাঠামোর অংশ বানানোর চেষ্টা হয়েছে। যা কিছু বাঙালী ও বাংলা ভাষার সাথে সম্পৃক্ত, সবকিছুই স্বৈরশাসন ও ফ্যাসিবাদের এনাবলিং টুলে রূপান্তর করা হয়েছে। প্রকট সত্য হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথকেও আওয়ামী ও তার কালচারাল ফ্যাসিস্টরা ফ্যাসিবাদী শাসনের এলিমেন্ট হিসেবে ব্যবহার করেছে। আজ স্পষ্ট, এই মেগা প্রকল্প ব্যর্থ হয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদী বুদ্ধিজীবী সমাজের অধিকাংশের লাইফ টাইমেই তাদের নেতা শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছে। ভাবা যায়! একটি গোটা বুদ্ধিজীবী গোষ্ঠীর নৈতিকভাবে পরাজিত। তারা দেখেছে নিজেদের শহরে, নিজেদের চোখের সামনে, তার ডিজাইন করা রাষ্ট্র যুদ্ধের অস্ত্র নিয়ে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দুই হাজারের মতো মানুষ খুন করেছে, ২০ হাজারের বেশি আহত ও পঙ্গু। তবুও তারা নীরব থেকেছে। তাদের বিবেক ঘরের পাশের রাজধানীর রাজপথের যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে, সম্মিলিতভাবে ট্রেঞ্চে লুকিয়েছে, আজও তারা গর্ত বাসী।
২৪ এর পুরো সময় চুপ থেকে, আজকে সিরাজুল ইসলামের মতো বুদ্ধিজীবী, কিছু টক শো এক্টিভিস্ট সরব হবার চেষ্টা করছে। এরা আরেকবার ব্যর্থ হবার শপথ নিয়েছে!
যারা বড় বড় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেনি, তাদের ট্র্যাজেডি এখানেই যে তারা জীবিত থেকেও ইতিহাসের কাছে মৃত হয়ে গেছে। একজন বুদ্ধিজীবীর মূল্য তার বাকশক্তিতে নয়, তার নৈতিক সাহসে। বাংলাদেশের চিন্তা সমাজে এদের জীবনের কোনও মূল্য অবশিষ্ট নাই। ক্ষমতাসীন দলের নিকৃষ্টতম অন্যায়েও চুপ থাকা বুদ্ধিজীবীর নিয়তি হচ্ছে, তার জীবদ্দশাতেই তার ডক্ট্রিনের পরাজিত হওয়াকে স্বচক্ষে দেখা, গলধকরণ করা। এবং নৈতিকতার কাছে পরাজিত বিকেবের আর্তনাদ লিখতে না পারার মর্মবেদনা এদের কুরেকুরে খাচ্ছে, এটা আত্মহত্যার চেয়ে কম কিছু নয়। আওয়ামী লেখক সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের নীরবতার মধ্যে যে আত্মসমর্পণ, তা তো জীবনের চেয়েও বড়ো এক পরাজয়।
আবদুল্লাহ আবু সাঈদ সম্পর্কে একবার বলেছিলাম, উনার জীবদ্দশাতেই দেশের ইতিহাসের সবচেয়ে বড়ো স্বৈরশাসক, ফ্যাসিস্ট ও খুনির শাসন বেড়ে উঠেছে, এবং উনি ১৬ বছর সময়ে পেয়েও তার বিরুদ্ধে সরাসরি দুই কলম লিখতে ও বলতে পারলেন না। ফলে উনি বিরাট বাগ্মী হতে পারেন, বুদ্ধিজীবী নন।
বুদ্ধিজীবী সে-ই, যে বর্তমানের ভেতর ভবিষ্যতের রেখাচিত্র দেখতে পায়, এবং সময় থাকতে শাসককে সতর্ক করেন। তা না পারা লোক, কেবল শব্দের কারিগর, চিন্তার নয়।
সে হিসেবে সিরাজুল ইসলাম থেকে আনিসুল হক সহ বুদ্ধিজীবী ও সাহিত্যিককুল এরা সবাই পতিত, ফ্যাসিবাদের উত্থানের কালে ইনারা গোকুলে বেড়েছে। তাদের মোরাল মরে গেছে। এই বাস্তবতা আমাদের একটা শিক্ষা দিয়েছে যে ইতিহাস, মুক্তিযুদ্ধ, কিংবা কোনো মহান ব্যক্তিত্ব, এগুলোকে আর দ্বিতীয়বার ফ্যাসিবাদের হাতিয়ার বানানো সহজ হবে না। আমাদের কালেক্টিভ লিভিং হিস্ট্রি ও অভিজ্ঞতায় এই সতর্ক করে যাই যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিংবা বেগম খালেদা জিয়াকে নিয়ে একই বাড়াবাড়ি চেষ্টা কেউ করলে তারাও ব্যর্থ হবে।
মিশেল ফুকো'র একটা উক্তি আছে, Power is everywhere; not because it embraces everything, but because it comes from everywhere. ক্ষমতা যেমন ছড়িয়ে থাকে, তেমনি প্রতিরোধও জন্ম নেয় সর্বত্র। আমরা এটা ভুলে যাই। বাংলাদেশে ৬৯, ৭১, ৯০, ২৪ হয়েছে।
তাই পতিত ফ্যাসিবাদকে, তার বুদ্ধিজীবী, লেখক সাহিত্যিক কিংবা এক্টিভিস্টদেরকে নতুন করে ভয় পাবার কিছু নেই। ভয় পেয়ে কোনও আওয়ামী লেখক, বুদ্ধিজীবী, এক্টিভিস্টকে অযথা জেলে ভরারও দরকার দেখি না। জেল হবে অপরাধের সাথে সম্পৃক্ত। সহিংসতার সাথে সম্পর্কহীন জেল-জুলুম সরকার ও রাষ্ট্র উভয়কে দুর্বল করবে। স্পীচ অফেন্সের ক্ষেত্রেও সহিংসতার সম্পর্ক দেখতে হবে।
আজকে, পতিত ছাত্রলীগ কিংবা ইমি'রা (ইমি ছাত্রলীগ নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে উনার সক্রিয়তা ছিল) যদি ৭ মার্চকে ফিরিয়ে আনতেও চায়, তাতেও ভয়ের কিছু নাই। ইমিদের জেল মুক্তি দিয়ে দিন।
কোনও রাজনৈতিক ধারণার বিরুদ্ধে কারাগার কখনও স্থায়ী সমাধান নয়। বরং আমরা চব্বিশের বাক্ স্বাধীনতার আকাঙ্ক্ষা ধারণ করি। যে মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, সেটা দলমত নির্বিশেষে সবাই মুক্তভাবে ভোগ করুক। অন্তর্বর্তী সরকারের আমলের শত শত আন্দোলনকে আমি সবসময়ই ১৭ বছরে না বলতে পারার, দাবি উপস্থাপন না করতে পারার চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছি, হ্যাঁ, তাতে মুহাম্মদ ইউনূসকে বিব্রত, বিরক্ত ও ব্যর্থ করার রঙ ছিল।
ফ্যাসিবাদের পতনে ভাষা ও শব্দের স্বাধীনতা ছিল এক অনিবার্য শক্তি। যে কণ্ঠ একসময় ভয়ে স্তব্ধ ছিল, সেই কণ্ঠ যখন উচ্চারণের সাহস পায়- সেই উচ্চারণেই শুরু হয় মুক্তির যাত্রা। সেটাই হয়েছে। এরশাদ বা হাসিনার বিরুদ্ধে গালি দেওয়ার আস্পর্ধা কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না; তা ছিল ভয়ের প্রাচীর ভাঙার প্রথম আঘাত। শাসকের প্রতি ভীতিহীন ভাষাই জনগণকে নিজের শক্তির কথা মনে করিয়ে দিয়েছে। ভয়ের সংস্কৃতি ভাঙার লড়াই ফ্যাসিবাদ পতন করেছে। ফলে ভয় দেখিয়ে জয় করার দরকার নাই। ২৪ আমাদের যেসব বুদ্ধিবৃত্তিক বুঝাপড়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তা ভুলে না যাই।
গত ১১ মার্চ লিখেছিলাম ''বিএনপি নির্বাচনি রাজনীতিতে আওয়ামীলীগকে স্পেইস দিয়েছে কথাটা ভুল, দিয়েছে আওয়ামীপন্থী ভোটারদের সেটা ভোটের মাঠের কৌশল ছিল মাত্র। ভোট শেষ, বিএনপি তার নিজের রাজনীতিতে ফিরবে, সে রাজনীতিতে আওয়ামী লিগ থাকবে না.........আর এই বিএনপিকে, আওয়ামী ১৭ বছর মর্মান্তিক নির্যাতন করেছে, সব জুলুম মনে রাখা আছে, ডিজিটাল ডায়েরি কিংবা কাগজে লেখা আছে। মাফিয়া-মিডিয়ার বুদ্ধিজীবী গং'টা আওয়ামীলীগকে ফিরাতে পারবে না, বরং তাদের পুরা জেনারেশন মারা খাবে। কারণ আওয়ামী রাজনীতির শূন্যস্থান আর ফাঁকা নাই, সেটা অকুপাই হয়ে গেছে অনেকাংশে।" আজকে জাতির পিতার পরিবারকে সুরক্ষা দেওয়ার আইন রহিত হয়েছে, আওয়ামী নিষিদ্ধের বিল পাশ হয়েছে নির্বাচিত সংসদে।
বরং বিএনপি ঘরনার বুদ্ধিজীবীদের ক্ষমতার বধ্যভূমিতে যাবার লোভাতুর নবযাত্রাকে ভয় করি। ক্ষমতার খুব কাছে যেতে বুদ্ধিবৃত্তির যে আত্মবিনাশী আকর্ষণ, সেটাই সবচেয়ে বিপজ্জনক। ইতিহাস বারবার দেখিয়েছে, ক্ষমতার সান্নিধ্যই চিন্তক বুদ্ধিজীবীর জন্য সবচেয়ে বড়ো ফাঁদ। ক্ষমতার স্পর্শই তাদের নীরব মৃত্যুর সূচনা। আমি অতীতের পরাজিতদের ভয় পাই না, পাই নতুন করে জন্ম নেওয়া সেই আকাঙ্ক্ষাকে, যেখানে চিন্তা আবার ক্ষমতার দাসে পরিণত হতে চায়। শেষ পর্যন্ত বুদ্ধিজীবীর বধ্যভূমি কোনো কারাগার নয়, তার বধ্যভূমি হচ্ছে ক্ষমতার অতি নিকটতা, ক্ষমতার নিকটে আসার তীব্র আকাঙ্ক্ষাজনিত আত্মহনন।
আজকে বিএনপি বুদ্ধিজীবীদের কেউ কেউ ক্ষমতার কাছাকাছি যাবার তীব্র নেশায় আচ্ছন্ন, তারা কি আত্মহননের স্বাদ নিতে চান? আপনাদের জবান যেন আপনাদেরকে বধ্যভূমিতে নিয়ে না যায়। ক্ষমতাকে তোয়াজ না করে, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসকে নার্চার করুণ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment